মোঃ ওমর হাসান, পিরোজপুর প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর এবং দলীয় নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে ১০ কিলোটার দীর্ঘ মানববন্ধন করেছে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। শনিবার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলার বটতলা থেকে চরখালী ফেরিঘাট পর্যন্ত দীর্ঘ এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গত ১৭ এপ্রিল তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পিরোজপুরের ভান্ডারিয়ায় জাতীয় পার্টি জেপির (মঞ্জু) সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের সংঘর্ষ হয়। এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর এবং উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে তান্ডব চালানো হয়। এ ঘটনার প্রতিবাদে এই মানববন্ধনের আয়োজন করেছে উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন।
উপজেলার বটতলা থেকে চরখালী ফেরিঘাট পর্যন্ত ১০ কিলোমিটার দীর্ঘ এ মানববন্ধনে আওয়ামী লীগ নেতৃবৃন্দের পাশাপাশি বীর মুক্তিযোদ্ধা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বারসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রায় ২০ হাজার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা সন্ত্রাসী হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান। এছাড়াও স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবী করেন।
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ষড়যন্ত্রের অংশ হিসেবেই এমন হামলা করা হচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা।
গত ১৭ এপ্রিলের সংঘর্ষের ঘটনায় যুবলীগ ও ছাত্রলীগের ১৩ নেতাকর্মী আাহত হয়েছিলেন। এ ঘটনার আট দিন পরে জাতীয় পার্টি (মঞ্জু) দলীয় নেতা কর্তৃক উল্টো স্থানীয় আওয়ামীলীগ ও যুবলীগের নেতাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।